১৩ নভেম্বর ২০২৬, ২২:৫৪

হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার্টিন

প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন  © সংগৃহীত

নয় মাস পর্যটকশূন্য থাকার পর প্রকৃতি যেন নিজের চিরচেনা রূপ ফিরে পেয়েছে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন। বালিয়াড়িজুড়ে সাগরলতা, ফুলে ফুলে সজ্জিত দ্বীপের প্রবেশপথ, সবুজ কেয়াবন আর স্বচ্ছ নীল পানির নিচে দৃশ্যমান প্রবাল-সব মিলিয়ে বদলে গেছে দ্বীপের চেনা দৃশ্যপট। দীর্ঘ বিরতিতে মানুষের আনাগোনা কম থাকায় অনেকটা প্রাণ ফিরে পেয়েছে দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য। 

তবে প্রকৃতির এই সৌন্দর্য দেখতে পর্যটকদের আগ্রহ এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। পর্যটন মৌসুম শুরুর প্রথম সাত দিনে সেন্টমার্টিন ভ্রমণ করেছেন মাত্র ৬ হাজার ১৮ জন পর্যটক। অথচ পর্যটকদের থাকার জন্য দ্বীপে প্রস্তুত রয়েছে আড়াই শতাধিক হোটেল ও রিসোর্ট। পর্যটক কম থাকায় এসব প্রতিষ্ঠানের অধিকাংশই এখনো অনেকটা ফাঁকা পড়ে আছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাহাজের অতিরিক্ত ভাড়া, দীর্ঘ সমুদ্রযাত্রা, যাতায়াতের সীমাবদ্ধতা এবং টেকনাফ থেকে সরাসরি জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটকদের আগ্রহে ভাটা পড়েছে। যাতায়াতব্যবস্থা সহজ ও ভাড়া সাশ্রয়ী করা গেলে পর্যটকের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন তাঁরা।

দ্বীপের ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘আগে টেকনাফ থেকে জাহাজ চলাচলের সময় সেন্টমার্টিনে ভালোসংখ্যক পর্যটক আসতেন। আবার টেকনাফ-সেন্টমার্টিন পথে জাহাজ চলাচল শুরু হলে পর্যটক ও স্থানীয় বাসিন্দা-উভয় পক্ষের জন্য সুবিধা হবে।’

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘জাহাজের কর্মীদের বেতন, সরকারের ভ্যাট-করসহ পরিচালন ব্যয়ের বিষয় বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণ করা হয়। তবে পর্যটকদের কথা মাথায় রেখে ভাড়া কমানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যে সাশ্রয়ী মূল্যে দাঁড়িয়ে ভ্রমণের টিকিটও চালু হয়েছে।’

আড়াই শতাধিক হোটেল-রিসোর্ট, অধিকাংশই ফাঁকা

মাত্র প্রায় নয় বর্গকিলোমিটার আয়তনের সেন্টমার্টিনে গড়ে উঠেছে আড়াই শতাধিক হোটেল ও রিসোর্ট। এসব প্রতিষ্ঠানে এক রাতে একসঙ্গে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। পর্যটন মৌসুম শুরু হলেও পর্যটকদের উপস্থিতি কম থাকায় অনেক প্রতিষ্ঠান এখনো প্রত্যাশিত ব্যবসা করতে পারছে না।

দ্বীপের গলাচিপা এলাকার কিংশুক ইকো রিসোর্টের পরিচালক সরোয়ার কামাল বলেন, ‘পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে আমাদের রিসোর্ট নতুন করে সাজানো হয়েছে। সার্বক্ষণিক বিদ্যুৎ, খাবারসহ প্রয়োজনীয় সুবিধা রাখা হয়েছে। এবার ভালোসংখ্যক পর্যটক আসবেন বলে আমরা আশা করছি।’

সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেন, ‘দ্বীপে এক রাতে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। মৌসুমের শুরুতে পর্যটক কম থাকলেও ডিসেম্বরের দিকে প্রায় সব হোটেল-রিসোর্ট অগ্রিম বুকিং হয়ে গেছে। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আমরা আশাবাদী।’

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকদের জন্য সেন্টমার্টিন উন্মুক্ত রাখা হয়েছে। এ সময়ে পর্যটকেরা ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন। তবে প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যাওয়ার অনুমতি পাবেন বলে জানা গেছে।

পরিবেশ রক্ষায় কঠোর বিধিনিষেধ

পর্যটকদের জন্য দ্বীপ উন্মুক্ত করা হলেও সেন্টমার্টিনের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এবার আরোপ করা হয়েছে বেশ কিছু বিধিনিষেধ। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। দ্বীপে প্রবেশের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, রাতে সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন করা যাবে না। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচাও নিষিদ্ধ করা হয়েছে। সৈকতে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

এ ছাড়া সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো প্রাকৃতিক সম্পদ বা জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।

পর্যটক কম, বেড়েছে প্রকৃতির সৌন্দর্য

দীর্ঘদিন মানুষের আনাগোনা কম থাকায় দ্বীপের বিভিন্ন এলাকায় প্রাকৃতিক উদ্ভিদের বিস্তার ঘটেছে। প্রবেশপথের দুই পাশে ছড়িয়ে পড়েছে সাগরলতা। নানা প্রজাতির ফুলে সেজেছে বালিয়াড়ি। সবুজ কেয়াগাছে ধরেছে ফল। উপকূলজুড়ে সারি সারি নারিকেলগাছের পাশাপাশি প্রাকৃতিক ঢাল হিসেবে দাঁড়িয়ে আছে কেয়াবন।

কেয়াগাছ উপকূলীয় ভাঙন ও ক্ষয়রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দ্বীপের পরিবেশ রক্ষায় কেয়াবন ও অন্যান্য প্রাকৃতিক উদ্ভিদ সংরক্ষণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পরিবেশ অধিদপ্তরের অভিযোজন প্রকল্পের আওতায় ইতিমধ্যে দ্বীপে প্রায় ৬ হাজার ৫০০টি গাছ রোপণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে গত বছর নয়জন জনবলও নিয়োগ দেওয়া হয়েছে। দ্বীপের সংবেদনশীল এলাকায় মানুষের প্রবেশ নিয়ন্ত্রণে লাল পতাকা স্থাপন করা হয়েছে। এ ছাড়া সমুদ্রতীরবর্তী এলাকায় মোটরসাইকেলসহ যানবাহন চলাচল বন্ধ রাখতে প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পর্যটন বাড়লেও রক্ষা করতে হবে প্রকৃতির ভারসাম্য

সেন্টমার্টিনের অর্থনীতি ও স্থানীয় মানুষের জীবিকার সঙ্গে পর্যটন ওতপ্রোতভাবে জড়িত। হোটেল-রিসোর্ট, রেস্তোরাঁ, নৌযানসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসার ওপর নির্ভরশীল দ্বীপের বহু মানুষ। ফলে পর্যটক কমে গেলে তাঁদের আয় ও কর্মসংস্থানে সরাসরি প্রভাব পড়ে।

অন্যদিকে অপরিকল্পিত পর্যটন, প্লাস্টিক বর্জ্য, প্রবাল সংগ্রহ, কেয়াবনে অবাধ চলাচল এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের ক্ষতি দ্বীপটির অস্তিত্বের জন্য দীর্ঘমেয়াদি হুমকি তৈরি করতে পারে। 

পর্যটন মৌসুমের প্রথম সাত দিনে পর্যটকের উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম হলেও ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই বর্জ্য ব্যবস্থাপনা, নিয়মিত নজরদারি, সংবেদনশীল এলাকা সুরক্ষা এবং সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নয় মাস পর্যটকশূন্য থাকার সময় প্রকৃতি নিজের মতো করে যে সবুজ ফিরে পেয়েছে, পর্যটন মৌসুমে তা ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। দ্বীপটিকে কেবল পর্যটনকেন্দ্র হিসেবে দেখলে চলবে না, বিবেচনা করতে হবে সংবেদনশীল প্রাকৃতিক প্রতিবেশ হিসেবেও।

সেন্টমার্টিনের সামনে এখন বড় প্রশ্ন-কীভাবে পর্যটন ও স্থানীয় মানুষের জীবিকা সচল রাখার পাশাপাশি প্রকৃতিকে পর্যটনের অতিরিক্ত চাপ থেকে রক্ষা করা যায়। যাতায়াতব্যবস্থা সহজ করা, পর্যটকদের জন্য সাশ্রয়ী ভাড়া নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পর্যটনব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়েই এই সংকটের সমাধান সম্ভব। অন্যথায় পর্যটকের আগমন বাড়লেও হারিয়ে যেতে পারে দীর্ঘ বিরতিতে ফিরে পাওয়া দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য।