১৩ নভেম্বর ২০২৬, ২০:৪০

আওয়ামী লীগের জ্বালানো আগুন সরকার নেভাতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর গদিও পুড়বে: রাফি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি  © টিডিসি ছবি

আওয়ামী লীগের জ্বালানো আগুন সরকার নেভাতে ব্যর্থ হলে সেই আগুনে স্বরাষ্ট্রমন্ত্রীর গদিও পুড়তে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি।

শুক্রবার (১৩ নভেম্বর) হাদি হত্যার বিচার নিশ্চিত করা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে আয়োজিত গণবিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার বাদ জুমা আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জাতীয় ছাত্রশক্তি, চট্টগ্রামের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন সংগঠনটির কেন্দ্রীয় সিনিয়র সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি এবং চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রায়হান হোসেন রাফি। কর্মসূচি সঞ্চালনা করেন চট্টগ্রাম উত্তর জেলার সদস্যসচিব সামিন রহমান।

মিছিল-পরবর্তী বক্তব্যে নেতারা হাদি হত্যার বিচার নিশ্চিতে রাষ্ট্রের ব্যর্থতা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার কঠোর সমালোচনা করেন। তাঁরা বলেন, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হত্যার বিচারহীনতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘৩৩১ দিন হয়ে যাওয়ার পরও রাষ্ট্র হাদি হত্যার বিচার নিশ্চিত করতে পারেনি। ভারতে খুনিরা আশ্রয়ে রয়েছে জানার পরও খুনিদের ফেরত আনতে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের খুনিরা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। জুলাইয়ের নেতৃত্বদের বাড়িঘরে পেট্রোল বোমা মারছে, কিন্তু সরকার নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।’

আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা হামলা করবেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন আর আমরা আপনাদের চুমু দিবো এটা ভেবে থাকলে ভুল করবেন। আর একটা জায়গায়ও যদি হামলা হয় আওয়ামী লীগের কারও বাড়ি নিরাপদ থাকবে না। সময় থাকতে সাবধান হয়ে যান। আর যে আগুন জ্বালানো হচ্ছে সেই আগুন যদি সরকার নেভাতে ব্যর্থ হয় তাহলে সেই আগুনে স্বরাষ্ট্রমন্ত্রীর গদিও পুড়তে পারে।’

কর্মসূচিতে আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের তামিম আবতাহী, চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম তাজ, যুগ্ম আহ্বায়ক এইচ এম আয়াজ উদ্দিন ও মাজহারুল ইসলাম এবং যুগ্ম মুখ্য সংগঠক তৌসিফ বিন রফিক।

বক্তারা হাদি হত্যার দ্রুত বিচার, রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করা এবং রাজনৈতিক সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।