ভালুকায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাতনামা গাড়ির চাপায় মো. আলম মোল্লাহ (আলম মোল্লা) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার সিডস্টোর উত্তর বাজার এলাকায় পলাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলম মোল্লাহ উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবণকোঠা গ্রামের বাসিন্দা। তিনি মৃত হাসেম মোল্লার ছেলে। তাঁর ছেলে আকরাম মোল্লাহ হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রদলের নেতা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সিডস্টোর উত্তর বাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন আলম মোল্লাহ। এ সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।