১ জনের জীবন বাঁচাতে পুকুরে নেমে মারা গেল ২ জনই
দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা একই পরিবারের এবং সম্পর্কে আপন খালা ও ভাগিনা। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের জাকেরগঞ্জ জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ওই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শাহরিয়ার জাহান ইভা (৮) ও রানা বাবুর ছেলে সালমান বাবু (৪)।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে ইভা ও সালমানসহ গ্রামের কয়েকটি শিশু একসঙ্গে খেলছিল। এ সময় অসাবধানতাবশত সালমান পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে পানিতে নামে ইভা। একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়।
পরে অন্য শিশুদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়। একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুজন সম্পর্কে আপন খালা ও ভাগিনা।