১৩ নভেম্বর ২০২৬, ১৭:৩৯

গাইবান্ধায় নিষিদ্ধ আ.লীগের ১৮৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

সাদুল্লাপুর থানা, গাইবান্ধা।  © টিডিসি ফটো

গাইবান্ধার সাদুল্লাপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১৮৮ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ইতিমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহারে সাক্ষী হিসেবে নাম রয়েছে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের দুই নেতার।

পুলিশের দায়ের করা মামলায় সাক্ষী হিসেবে রয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন আল পারভেজ ও জামালপুর ইউনিয়ন যুবদল নেতা মাইদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে শাহিন আল পারভেজ বলেন, তিনি ও মাইদুল ইসলাম এ মামলার সাক্ষী। আওয়ামী লীগ সরকারের আমলে তাঁরা দুজনই রাজনৈতিক দমন-পীড়ন ও কারা নির্যাতনের শিকার হয়েছিলেন।

সাদুল্লাপুর থানা সূত্রে জানা গেছে, গত বুধবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় মামলাটি করেন। মামলার নম্বর ১৫। এজাহারে আসামিদের রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক পদ-পদবি উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। তাঁদের মধ্যে বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ সভাপতিও রয়েছেন।

এজাহারে বলা হয়, গত মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা এলাকার জোড়া সেতুর কাছে আসামিরা বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে মিছিল করেন। এ সময় তাঁদের হাতে লাঠিসোঁটা, লোহার রড, কুড়াল, শাবল, ধারালো ছুরি, ককটেল ও পেট্রল ছিল বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, সেখানে ককটেল ও পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয় এবং পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় কয়েকজনকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যান।

পুলিশের দাবি, আসামিরা সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্রে জড়িত ছিলেন। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে তাঁরা সংঘবদ্ধ হয়েছিলেন। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার তদন্তও অব্যাহত রয়েছে।

এ মামলায় গ্রেপ্তার হওয়া ছয়জনের একজন মাইক্রোবাসচালক লিটন মিয়া। তাঁকে গ্রেপ্তার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর পরিবার ও স্বজনদের দাবি, কয়েক দিন আগে লিটনের মুঠোফোন হারিয়ে যায়। পরে ওই ফোনের সঙ্গে যুক্ত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরকারবিরোধী পোস্ট দেওয়া হয়। বিষয়টি জানিয়ে লিটন নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রশাসনকে অবহিত করেছিলেন। এরপরও তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পরিবারের সদস্যদের অভিযোগ।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নিজ নিজ বাড়ি থেকে উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো. জহুরুল ইসলাম ও জামালপুর এলাকার যুবলীগ নেতা লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তাঁরা হলেন কামারপাড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সুরঞ্জিত চন্দ্র ওরফে ভুটান (৫৪), কিশামত শেরপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), শ্রীকলা উত্তরপাড়া গ্রামের সাহেব উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৮) এবং ধাপেরহাট হিঙ্গারপাড়া গ্রামের ফয়জার রহমানের ছেলে লিটন মিয়া (৩৮)। তবে মামলার এজাহারে গ্রেপ্তার ব্যক্তিদের দলীয় পদ-পদবি উল্লেখ করা হয়নি।

সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম বলেন, গ্রেপ্তার ছয়জনকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত এবং দেশ ও সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত বলে দাবি করেন তিনি।