আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হলেও আয়োজনের ঘোষণা জামায়াতের
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশাসনের সিদ্ধান্তের পরও মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। এমনকি ১৪৪ ধারা জারি করা হলেও কর্মসূচি বাস্তবায়নের কথা জানিয়েছেন দলটির নেতারা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাহফিলের অনুমতি না দেওয়ার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাফসির মাহফিল আয়োজনের অনুমতির আবেদনটি এখনো অনুমোদন দেওয়া হয়নি। ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকীর করা আবেদনটি জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছিল। পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানানো হয়। এ কারণে মাহফিলের অনুমতি দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মাহফিলের আয়োজক মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী বলেন, গত ২৩ অক্টোবর জেলা প্রশাসকের কাছে মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। সে সময় প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছিল এবং পরে অনুমতিপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছিল। তবে এখনো লিখিত অনুমতি পাননি তারা।
জানা যায়, শহরের ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর দুপুর ২টায় ভূষণ স্কুল মাঠে এ মাহফিল আয়োজনের পরিকল্পনা করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান অতিথি হিসেবে থাকার কথা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মাওলানা মতিয়ার রহমানের।
এদিকে একই সময় ও স্থানে ‘সচেতন কালীগঞ্জবাসী ও ছাত্র-জনতা’র ব্যানারে মাদকবিরোধী সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে ইজিবাইকে মাইক লাগিয়ে শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচির প্রচার চালানো হয়। অন্যদিকে তাফসির মাহফিল সফল করতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। দুটি কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে শহরে উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
এ পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির নেতারা। সেখানে তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে তাফসির মাহফিল বানচালের চেষ্টা করছে।
প্রশাসনের প্রতি মাহফিল আয়োজনে বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন, প্রশাসন যে সিদ্ধান্তই গ্রহণ করুক, তারা মাহফিল আয়োজন করবেন। এমনকি ১৪৪ ধারা জারি করা হলেও মাহফিল বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, সাবেক আমির মাওলানা ওলিউর রহমান, উপজেলা সেক্রেটারি লুৎফর রহমানসহ দলীয় নেতাকর্মীরা। লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল হক মোল্লা।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, একই স্থানে দুটি পক্ষের কর্মসূচি নিয়ে পরিস্থিতি বিবেচনা করে জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।