চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
জনসেবার স্বপ্ন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষ্য নিয়ে দীর্ঘদিনের সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের আবেদন করেছেন ভোলার চরফ্যাশন উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর এমন সিদ্ধান্তে স্থানীয়ভাবে আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
আবেদনকারী শিক্ষকের নাম মো. সিরাজ উদ্দিন মাসুম। তিনি উপজেলার ১৫৯ নম্বর দক্ষিণ মাদ্রাজ নিম্ন মাধ্যমিক বালিকা সংলগ্ন রোকেয়া বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার এওয়াজপুর ইউনিয়নে।
গত ১০ নভেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর পাঠানো এক লিখিত আবেদনের মাধ্যমে তাঁর অবসরের বিষয়টি জানা যায়। আবেদনে তিনি অবসর গ্রহণের কারণ হিসেবে পারিবারিক ও ব্যক্তিগত বিষয় উল্লেখ করেছেন। তবে স্থানীয় ও দলীয় সূত্রের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই তিনি চাকরি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নিজ ইউনিয়ন এওয়াজপুর থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এর আগেও তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরির বিধিবিধান অনুযায়ী, চাকরিতে বহাল থাকা অবস্থায় সরকারি কর্মচারীদের নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। নির্বাচনে অংশগ্রহণের আইনি বাধা দূর করতেই তিনি অবসরের আবেদন করেছেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
জানা গেছে, মো. সিরাজ উদ্দিন মাসুম ১৯৯১ সালের ২০ জুন শিক্ষকতা পেশায় যোগদান করেন। দীর্ঘ কর্মজীবন শেষে তিনি স্বেচ্ছায় অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবেদনে তিনি অবসর-উত্তর ছুটি (পিআরএল) ভোগ না করে সরকারি বিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধাসহ সরাসরি অবসর গ্রহণের অনুমতি চেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মো. সিরাজ উদ্দিন মাসুম বলেন, পারিবারিক ও ব্যক্তিগত কারণে তিনি অবসরের আবেদন করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় হলে দেখা যাবে।
চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমি প্রধান শিক্ষকের অবসরের আবেদনটি পেয়েছি। নিয়ম অনুযায়ী আবেদনটি যাচাই-বাছাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।