খাগড়াছড়িতে ২ শতাধিক ছাত্রীর অংশগ্রহণে নারী স্বাস্থ্যসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
খাগড়াছড়ির পানছড়িতে ২০৩ ছাত্রীর অংশগ্রহণে বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, মাসিককালীন স্বাস্থ্যবিধি এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর সেনা জোনের আবাসিক মেডিকেল অফিসার ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্ণব এবং খাগড়াছড়ি সেনা সদর জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মানিয়া।
কর্মশালায় শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন, হরমোনের প্রভাব, ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাদ্যাভ্যাস ও মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন তারা। এছাড়াও মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এ সময় স্যানিটারি ন্যাপকিনের সঠিক ব্যবহার, নির্দিষ্ট সময় পর তা পরিবর্তন, ব্যবহৃত ন্যাপকিন নিরাপদে অপসারণ এবং প্রজনন স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ এবং কোনো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিলে সংকোচ না করে অভিভাবক কিংবা চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
কর্মশালায় অংশ নেওয়া ছাত্রীরা নিজেদের স্বাস্থ্য ও পরিচর্যাসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন। প্রশিক্ষকেরা সেসব প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এর মাধ্যমে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করার পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান লাভ করে।
পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র চাকমা এ উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের বয়স ও প্রয়োজন বিবেচনায় এ ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর এ উদ্যোগে শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।
কৈশোরে সঠিক স্বাস্থ্যজ্ঞান ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে আয়োজকেরা জানান, পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সেনাবাহিনীর বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।