গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ
গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ছয়টি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের মৌচাক অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার মৌচাক টপ স্ট্যান্ড ও সফিপুরের দোকানপাড় এলাকায় অবস্থান নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।
অবরোধে অংশ নেওয়া কারখানাগুলো হলো লেভেন্ডার, বে ফুটওয়্যার, পূর্বাণী, লজিক, এটিএস ও লিবাস। এসব কারখানার প্রায় দুই হাজার শ্রমিক বেতন বৃদ্ধির দাবিতে সড়কে অবস্থান নেন।
নাওজোর হাইওয়ে পুলিশের পরিদর্শক মনজুর মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।
আন্দোলনরত এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বেতন বাড়ানোর দাবিতে আমাদের আন্দোলন চলছে। বেতন বাড়বে বলে শুনেছি, কিন্তু এখনো বাড়ানো হয়নি। কবে বাড়ানো হবে, তারও কোনো নিশ্চয়তা নেই। বেতন না বাড়ানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।