ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মুগ্ধের স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে আবারও কালি লেপনের ঘটনা ঘটেছে। চিনাইর ডিগ্রি কলেজসংলগ্ন বালুর মাঠে অবস্থিত শহীদ মীর মুগ্ধ মঞ্চে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০২৫ সালের ২৫ নভেম্বর একই এলাকায় স্মৃতিস্তম্ভে কালি লেপনের ঘটনা ঘটেছিল।
চিনাইর গ্রামের বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের যুগ্ম সম্পাদক উজ্জল আহমেদ জানান, বুধবার বিকেলে তিনি বিষয়টি জানতে পেরেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তার ধারণা, মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মঞ্চে কালি লেপন করেছে। দিনের বেলায় এমন ঘটনা ঘটলে কারও না কারও চোখে পড়ত বলে মনে করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ নভেম্বর ভোররাতে সদর উপজেলার চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজ মাঠে শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি লেপনের ঘটনা ঘটে। সে সময় স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর শেখ মুজিবুর রহমানের ক্ষতিগ্রস্ত ছবির স্থলে শহীদ মীর মুগ্ধের ছবি স্থাপন করা হয়েছিল। পরে ওই ছবিতে কালি মাখা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ওই ঘটনায় সদর মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন।
প্রায় এক বছরের ব্যবধানে একই এলাকায় আবারও এমন ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।