১১ নভেম্বর ২০২৬, ২২:১৯

কালিতে ঢেকে দেওয়া হলো মীর মুগ্ধর মুখাবয়ব

মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভ  © সংগৃহীত

জুলাই গণঅভ্যুথানে শহীদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে আবারও কালি লেপনের ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামে স্থাপিত ওই স্মৃতিস্তম্ভের বেশিরভাগ অংশ ও নাম কালি দিয়ে মুছে ফেলা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে স্মৃতিস্তম্ভটিতে কালি লেপে দেওয়ার বিষয়টি নজরে আসে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস।

এর আগেও গত বছরের ২৫ নভেম্বর মুগ্ধের স্মৃতিস্তম্ভটি বিকৃত করা হয়েছিল। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, স্মৃতিস্তম্ভে কালি লেপে দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কীভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, চব্বিশের জুলাই আন্দোলনে ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের মাঝে খাবার পানি ও বিস্কুট বিতরণ করছিলেন মুগ্ধ। ‘পানি লাগবে কারও, পানি?’ পানি বিতরণের সময় তার বলা এই কথাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেসময় আন্দোলনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সেদিন বিকেলেই পানি বিতরণের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি প্রাণ হারান।

মীর মুগ্ধ ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করলেও ঢাকার উত্তরায় বেড়ে ওঠেন এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ প্রফেশনাল এমবিএ-তে অধ্যয়নরত ছিলেন।