১১ নভেম্বর ২০২৬, ২১:৫৯

হাসপাতালে ভর্তি বাবা-মেয়ে, বারান্দা থেকে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

হাসপাতালে ভর্তি বাবা-মেয়ে, বারান্দা থেকে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু  © সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত বাবা এবং তার ছয় বছর বয়সী মেয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই বারান্দা থেকে পড়ে মারা গেছে তার দুই বছর বয়সী এক শিশুর। আজ বুধবার দুপুর ১২টার দিকে হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিশুটির নাম আবু হুরায়রা। সে কুষ্টিয়া সদরের বাসিন্দা হৃদয় আলীর ছেলে। হৃদয় নিজে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। আর তার ছয় বছরের মেয়ে উম্মে খাদিজা পেটের সমস্যা নিয়ে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল। সে জন্ম থেকেই একটি কিডনি নিয়ে বেঁচে আছে।

হৃদয় জানান, বাবা ও মেয়ের চিকিৎসার খরচ মেটাতে গিয়ে তাদের জমানো প্রায় সব টাকা শেষ। তাই হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় হৃদয়ের স্ত্রী সেলিনা বেগম চিকিৎসার কাগজপত্র নিতে চিকিৎসকের কক্ষে গিয়েছিলেন। কিছুদিন আগেই হাঁটতে শেখা আবু হুরায়রা তখন ওয়ার্ডেই ছিল।

ধারণা করা হচ্ছে, সে ওয়ার্ডের বাইরের বারান্দার দিকে গিয়েছিল। ওই বারান্দায় কোনো গ্রিল ছিল না। সেখান থেকেই সে নিচে পড়ে যায়।

হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ওই এলাকায় নির্মাণকাজ চলায় বারান্দাটি কিছুটা অরক্ষিত ছিল।

তিনি বলেন, ‘ওই সময় শিশুটির সঙ্গে কোনো অভিভাবক ছিলেন না। খেলার ছলে সে নিচে পড়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে তার চিকিৎসা শুরু করি, কিন্তু বাঁচাতে পারিনি।’

শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘পরিবারটি খুবই দরিদ্র। পরিচালকের নির্দেশে হাসপাতাল থেকে তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।’