গলাচিপায় সেতুর অভাবে দুর্ভোগে তিন গ্রামের ৭ হাজার মানুষ
পটুয়াখালীর গলাচিপায় একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তিন গ্রামের প্রায় ৭ হাজার মানুষ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থীর যাতায়াতে ভোগান্তি বেড়েছে। সাঁকো পার হতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন অভিভাবকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাফালবাড়িয়া গ্রামের নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই রয়েছে খালটি। খালের ওপর কোনো স্থায়ী ব্রিজ না থাকায় প্রতিদিন অন্তত ৫০০ শিক্ষার্থীসহ তিন গ্রামের প্রায় ৭ হাজার মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা নিজেদের উদ্যোগে খালের ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছেন। তবে সরু ও ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে নারী, শিশু ও বয়স্কদের চলাচল করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হয়।
তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবা বলে, ‘আমি প্রতিদিন এই সাঁকো দিয়ে স্কুলে যাই। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেক সময় পা পিছলে পড়ে যাই। যারা ছোট, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের জন্য আরও বেশি ঝুঁকি। অনেকেই সাঁতার জানে না। একটু অসাবধান হলেই খালের পানিতে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ কারণে সব সময় আতঙ্কে থাকতে হয়। যাতায়াতব্যবস্থা ভালো না হওয়ায় অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতেও আগ্রহ হারাচ্ছেন।’
নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া বলে, ‘প্রতিদিন এই সাঁকো দিয়েই আমাদের স্কুলে আসতে হয়। যাওয়া-আসার সময় প্রায়ই বই-খাতা খালে পড়ে যায়। বই হারিয়ে গেলে স্কুল থেকে তো আর বারবার বই দেওয়া হয় না। এতে আমাদের পড়াশোনার ক্ষতি হয়। সব সময় বাবা-মাও আমাদের স্কুলে দিয়ে যেতে পারেন না। আমরা এখানে একটি ব্রিজ চাই।’
পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের আরিফ হোসেন বলেন, ‘এই সাঁকো দিয়ে ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ চলাচল করেন। সাঁকো পার হতে গিয়ে অনেকবার স্কুলের শিশুরা দুর্ঘটনার শিকার হয়েছে। এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।’
আলগী তাফালবাড়িয়া গ্রামের আব্দুল রশিদ খা বলেন, ‘আমাদের এখন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নুরুল হকের কাছে দাবি, এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে এখানে একটি ব্রিজ নির্মাণের ব্যবস্থা করা হোক।’
নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘আমাদের বিদ্যালয়ের উত্তর পাশে একটি বড় খাল রয়েছে। খালের ওপর প্রায় ২৪০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো রয়েছে। আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্নভাবে এখানে ব্রিজ নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু অজানা কারণে এখনো ব্রিজ নির্মাণ হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।’
এ বিষয়ে আমখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আল মামুন বলেন, ‘আগে ওই সাঁকোর জায়গায় একটি পুল ছিল। পুলটি ভেঙে যাওয়ার পর থেকেই এলাকার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা পুলটি পুনর্নির্মাণের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, ‘আমখোলা ইউনিয়নের নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে যে বাঁশের সাঁকো রয়েছে, সেখানে সেতুর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।’