১১ নভেম্বর ২০২৬, ১১:১৯

ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩

গ্রেপ্তার তিনজন  © সংগৃহীত

ময়মনসিংহ নগরীর পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত রেদোয়ান হোসেন ওরফে সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরীর ৩৬ বাড়িকলোনি এলাকার সজলের ছেলে মো. রোহান ইসলাম (১৬), আকুয়া হাবুন ব্যাপারী মোড় এলাকার মো. ওসমান গণির ছেলে মো. রবিউল আওয়াল (১৭) এবং আকুয়া মোড়লবাড়ি এলাকার মাহমুদুর রহমান উজ্জ্বলের ছেলে হাসিবুর রহমান পিয়াস (২১)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত রোববার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে টায়ার রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেয় বলে জানায় পুলিশ।

পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।