অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
ভোলার লালমোহনে নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমরান (২৮) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান ওই এলাকার ইউনুছ মাঝির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বাড়ির উঠানে নিজের অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে যান ইমরান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ভর্তি পরীক্ষা নিয়ে রাবি ও জবির জরুরি বৈঠক আজ
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।