১১ নভেম্বর ২০২৬, ০৭:৪১

ভিমরুলের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

শিশু রেদোয়ানG  © টিডিসি ছবি

ঝালকাঠি সদর উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে ভিমরুলের আক্রমণে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নবগ্রাম ইউনিয়নের মকরমপুর গ্রাম এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রেদোয়ান। সে সদর উপজেলার বেতরা গ্রামের আসাদুল ইসলাম ও রিতা দম্পতির ছেলে।

জানা যায়, বাড়ির পাশে খেলতে গিয়ে একাধিক ভিমরুলের হুলের শিকার হয় রেদোয়ান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারের সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে রেদোয়ান। দুপুর আনুমানিক দুইটার দিকে বাড়ির দক্ষিণ পাশে খেলা করছিল। একপর্যায়ে বাড়ি থেকে কিছুটা দূরে একটি ভিমরুলের বাসা থেকে একাধিক ভিমরুলের আক্রমণের শিকার হয়  রেদোয়ান।

এসময় শিশুটির চিৎকার শুনে তাকে উদ্ধারে ছুটে যান তার নানি জোসনা বেগম। নাতিকে বাঁচাতে গিয়ে ভিমরুলের আক্রমণের শিকার হন তিনিও। পরে স্থানীয় লোকজন রেদোয়ানকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. টি এম মেহেদী হাসান (সানি) বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।