ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়ায় ‘ডেল্টা স্পিনার্স লিমিটেড’ নামে একটি সুতা উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।
কারখানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার শিফটে কাজ চলার সময় হঠাৎ মিলের ভেতরে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান শ্রমিকরা। কারখানায় তুলা ও সুতা থাকায় মুহূর্তের মধ্যেই আগুন পুরো উৎপাদন ইউনিটে ছড়িয়ে পড়ে। এ সময় ভেতরে থাকা শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ কাঁচামাল ও যন্ত্রপাতি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দা ও কারখানার শ্রমিকদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কারখানার ভেতরে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
গৌরীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সোহেল রানা বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ করছে। এখন বিস্তারিত বলা যাচ্ছে না পরে বিস্তারিত জানা যাবে।’
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান চলছিল।