নেত্রকোনায় গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
নেত্রকোনা শহরের বড় বাজারের চাউল মহালে একটি টিনশেড গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চাল, ডাল, লবণ, ময়দা, তেল, কয়েলসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবের তথ্য অনুযায়ী, এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় গোডাউনের প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৮টা ১০ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করা হয়।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। স্বপন দাশের মালিকানাধীন টিনশেড গোডাউনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি ইউনিটের ২০ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি।