বিএনপি নেতার বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
বরিশালের গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে দীর্ঘদিন বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে বিএনপি নেতা হুমায়ুন কবিরের বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। এ সময় বাড়ির বৈদ্যুতিক মিটার খুলে নেওয়ার পাশাপাশি অবৈধ সংযোগে ব্যবহৃত তারও জব্দ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী আব্দুল হালিম খান।
তিনি জানান, গৌরনদী পৌরসভার দিয়াশুর মহল্লার বাসিন্দা হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে পল্লী বিদ্যুৎ সমিতির একটি দল তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় অবৈধ সংযোগের প্রমাণ পাওয়ায় তা বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি বাড়ির মিটার খুলে নেওয়া এবং সংযোগে ব্যবহৃত তার জব্দ করা হয়।
ডিজিএম আব্দুল হালিম খান আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বিদ্যুতের অবৈধ সংযোগের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
হুমায়ুন কবির সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য। সম্প্রতি দেশে ফিরে তিনি গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের (গেরাকুল ও দিয়াশুর) সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করে প্রচার-প্রচারণা শুরু করেছেন।