রাতের আঁধারে বরগুনার বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের তালা
বরগুনায় রাতের আঁধারে বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে জেলার বিভিন্ন উপজেলায় এসব প্রতিষ্ঠানে তালা দেওয়া হয়। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান টেস্ট পরীক্ষা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বরগুনা সরকারি জেলা স্কুল ও বরগুনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা দেওয়া হয়েছে। এ ছাড়া বেতাগী উপজেলা পরিষদ ভবনসহ সরকারি-বেসরকারি প্রায় ৩০টি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।
বেতাগী উপজেলায় উপজেলা পরিষদ ভবন, পৌরসভা কার্যালয়, বেতাগী সরকারি কলেজ, বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ফটকে তালা দেওয়া হয়েছে।
এ ছাড়া বামনা উপজেলার রামনা শের-ই-বাংলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং পাথরঘাটা সরকারি কলেজেও তালা ঝুলিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। একই ধরনের ঘটনা পাথরঘাটা, আমতলী ও তালতলী উপজেলাতেও ঘটেছে বলে জানা গেছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বরগুনা জেলা শাখার বর্তমান সভাপতির ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ছবি প্রকাশ করা হয়েছে। এসব ছবিতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দেওয়ার দৃশ্য দেখা যায়। পাশাপাশি বিভিন্ন স্থানে আগুন জ্বলতে থাকা ছবিও ওই অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বরগুনা সদরের এক স্থানীয় বাসিন্দা জানান, এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা ও চলমান পরীক্ষা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত এসব প্রতিষ্ঠানের তালা খুলে স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা প্রয়োজন।
বরগুনা জেলা স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক মো. নাসির উদ্দিন বলেন, রাজনৈতিক কর্মসূচি যার যার বিষয়, কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়। শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাব ও বাধা থেকে মুক্ত রেখে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করাই সবচেয়ে জরুরি।