১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৪

ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী

ভিডিও থেকে নেওয়া  © সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একজনকে ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, এ পর্যন্ত ৪৮ জন শিক্ষার্থীকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও রোগী আসার সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার সময় মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগার পর ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত শিক্ষার্থীরা শ্বাসকষ্ট ও ধোঁয়াজনিত শ্বাসনালির ক্ষতিতে (ইনহেলেশন বার্ন) আক্রান্ত হন। পরে মাদ্রাসার শিক্ষক ও অন্যদের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার আহসান হাবীব বলেন, রাত ১টা ৫৫ মিনিটে মাদ্রাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে যায়। পরে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

কাচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগার পর প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করে।

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।