চাঁদপুরে জ্বালানি তেল ও এলপিজি বিক্রিতে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) চাঁদপুরের দেবপুর বাজার, কৈয়ারপুল ও ধেররা, বলাখাল এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে এইচবি সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা এবং লাইসেন্স ছাড়া এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে সিদরাত ফুয়েল স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান দুটি স্বেচ্ছায় পরিশোধ করে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ।
অভিযানের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।