সড়কের কাজে বাধা, চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
বরিশালের বাবুগঞ্জে সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে এক সাবঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতাসহ চারজনের বিরুদ্ধে। দাবি করা টাকা না পেয়ে ওই ঠিকাদারকে মারধর এবং তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। এ ঘটনায় বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
রবিবার (৮ নভেম্বর) বিকেলে মো. রুস্তম হাওলাদার (৪৮) নামের ওই সাবঠিকাদার অভিযোগটি করেন। এর আগে শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন মো. মাহবুব মোল্লা (৪৫), মো. সাকিব হাওলাদার (৩৫), মো. সজিব হাওলাদার (২৫) ও মো. মুবিন মোল্লা (২২)। তাদের সবার বাড়ি মাধবপাশা ইউনিয়নে। তাদের মধ্যে মাহবুব মোল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, রুস্তম হাওলাদার মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাই নির্মাণকাজে সাবঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় যাওয়ার পথে অভিযুক্তরা তার নির্মাণকাজে বাধা দেন। কাজ চালিয়ে যেতে হলে তিন লাখ টাকা দিতে হবে বলে তারা দাবি করেন।
অভিযোগে বলা হয়, দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা রুস্তম হাওলাদারকে গালাগাল ও হুমকি দেন। একপর্যায়ে তাকে মারধর করা হয়। এ সময় তার ছেলেসহ সঙ্গে থাকা অন্যদেরও মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। পরে তার ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যান অভিযুক্তরা। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা।
ভুক্তভোগী রুস্তম হাওলাদার বলেন, অভিযুক্তরা তার কাছে তিন লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
তবে মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা মাহবুব মোল্লা। তার দাবি, রুস্তম হাওলাদারের কাছে তিনি টাকা পান এবং সংশ্লিষ্ট সড়কের নির্মাণকাজে তার অংশীদারত্ব রয়েছে। পাওনা টাকা না দেওয়ায় মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছেন।
মাহবুব মোল্লা বলেন, ‘আমি রুস্তমের কাছে টাকা পাই। ওই সড়কের কাজে আমার পার্টনারশিপ আছে। পাওনা টাকা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেলটি এনে নিজের কাছে রেখেছি। টাকা দিলে ফেরত দেব।’
পাওনা টাকা আদায়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, বিএনপির জ্যেষ্ঠ নেতারা বসে বিষয়টি মীমাংসা করে দেবেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।