কক্সবাজারে গাড়ির ধাক্কায় প্রাণ গেল প্রবাসীর
কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মাহবুবুর রহমান (৬৪) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। পুলিশের ধারণা, গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে সড়কের পাশে তার মরদেহ, মোটরসাইকেল ও হেলমেট পড়ে ছিল।
রবিবার (৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুবুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার বাসিন্দা। প্রায় দেড় মাস আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।
চিরিংগা হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মাহবুবুর রহমান সাতকানিয়া থেকে মোটরসাইকেল নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিলেন। পথে গয়ালমারা এলাকায় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তার মোটরসাইকেলটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে। এতে তিনি মাথা ও বুকে গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহতের ভাগনে মোহাম্মদ ইলিয়াছ জানান, তার মামা দেড় মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। আগামী ডিসেম্বরে তার আবার সৌদি আরবে যাওয়ার কথা ছিল। দীর্ঘ ৩০ বছর ধরে তিনি সৌদি আরবে ব্যবসা করে আসছিলেন। সেখানে তার দুই ছেলেও ব্যবসার সঙ্গে যুক্ত।
চিরিংগা হাইওয়ে থানার সার্জেন্ট জাকিবুল ইসলাম বলেন, নিহতের মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।