০৮ নভেম্বর ২০২৬, ১৫:৪৮

আত্মহত্যার চেষ্টা, ৯৯৯ কল দিয়ে প্রাণে বাঁচলেন তরুণী

উদ্ধার হওয়া তরুণী  © সংগৃহীত

চট্টগ্রামের বায়েজিদ থানার মোহাম্মদনগরে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করা ২২ বছর বয়সী এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। শনিবার (৭ নভেম্বর) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাদের পাশের বাসার এক তরুণী ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করছেন। তারা দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। পরে ওই ব্যক্তি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে ৯৯৯-এর সহায়তা চান।

খবর পেয়ে ৯৯৯ থেকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে চট্টগ্রামের বায়েজিদ ফায়ার সার্ভিস ও বায়েজিদ থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে তরুণীকে জীবিত উদ্ধার করে।

প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে রাগারাগির পর ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেন। 

উদ্ধারের কল পেয়ে ৯৯৯-এর কলটেকার মো. ফাহিম শিকদার ফোনটি গ্রহণ করেন। এ সময় সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ ও উদ্ধারকাজের সমন্বয় করেন ৯৯৯-এর ফায়ার ডিসপ্যাচার ফায়ার ফাইটার মো. আল আমিন।