০৮ নভেম্বর ২০২৬, ১৩:০৬

বরিশালে হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের বসতঘরে অগ্নিসংযোগ, আটক ৩

আগুনে পুড়ে যাওয়া বসতঘর  © সংগৃহীত

বরিশাল নগরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে কামরুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে। এ হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের বসতঘরে আগুন দিয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব পুরানপাড়া বটতলা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহতের পরিবারের সদস্যদের দাবি, জমিজমা নিয়ে কামরুলের সঙ্গে তার সৎমামাতো ভাই সুরুজের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে দেয়াল নির্মাণ করতে গেলে সুরুজের সঙ্গে কামরুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুরুজ, তার বাবা আনোয়ার হোসেন ও মিরাজ মিলে কামরুলকে মাটিতে ফেলে মারধর করেন। পরে কাঠ কাটার বাটুল দিয়ে তার পিঠে এলোপাতাড়ি কোপানো হয়।

এতে গুরুতর আহত হন কামরুল। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের বসতঘরে আগুন ধরিয়ে দেন। এতে বাড়িটির ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মো. জামাল হোসেন বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আনোয়ার, তাঁর স্ত্রী খাদিজা ও ছেলে মিরাজকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।