হবিগঞ্জে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২
হবিগঞ্জের নবীগঞ্জে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুটির মা-বাবা গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়ছর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের কুরুশ আলীর ছেলে সাইদুর রহমান (২৪) এবং বাহুবল উপজেলার ২ নম্বর পুটিজুড়ি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের গোবিন্দ পালের ছেলে গিরিরাজ পাল (১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গিরিরাজ তার মা-বাবার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে সিলেট যাচ্ছিল। একই অটোরিকশায় ছিলেন সাইদুর রহমান। তিনি শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। পথে বড়ছর এলাকায় শাহ সমিলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে শিশুসহ তিনজন আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গিরিরাজ পালকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সাইদুর রহমানেরও মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাইদুর রহমানের বিয়ের বয়স হয়েছিল মাত্র এক বছর।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।