০৭ নভেম্বর ২০২৬, ১৬:৪৪

নরসিংদীর ‘লাল গ্রুপের’ প্রধান আবু লাল গ্রেপ্তার, উদ্ধার পিস্তল ও গুলি

লাল গ্রুপের প্রধান আবু লাল।  © সংগৃহীত

নরসিংদীতে আব্দুল্লাহ ওরফে বাবু হত্যা মামলার প্রধান আসামি ও ‘লাল গ্রুপের’ প্রধান আবু লালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইসঙ্গে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে নরসিংদী মডেল থানার হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. আশিকুর রহমান।

তিনি বলেন, শনিবার হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক প্রধান আসামি আবু লালকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২ অক্টোবর আব্দুল্লাহ ওরফে বাবু হত্যাকাণ্ডের ঘটনায় নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি আবু লাল পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার বিভিন্ন এলাকায় একাধিকবার অভিযান চালানো হলেও বারবার অবস্থান পরিবর্তন করায় তাকে আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ও নরসিংদী মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ ঘটনায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তার আবুলালকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।