সুন্দরবনে ঘুরতে গিয়ে ঢেউয়ে ভেসে নিখোঁজ পর্যটক, তিনজন উদ্ধার
সুন্দরবনের দুবলার চরে পর্যটকবাহী বোট থেকে নেমে সেটি সরানোর চেষ্টা করতে গিয়ে ঢেউয়ের তোড়ে ভেসে নিখোঁজ হয়েছেন রিয়াজ আহমেদ (২৭) নামের এক পর্যটক। শুক্রবার (৬ নভেম্বর) বাগেরহাটের শরণখোলা রেঞ্জের দুবলার চর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভেসে যাওয়া চারজনের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন রিয়াজ।
নিখোঁজ রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৯ জন পর্যটক নিয়ে গত ৫ নভেম্বর সুন্দরবনের উদ্দেশে যাত্রা করে ‘মিজানুর রহমান ইকো ট্যুরিজম-২’ নামের একটি পর্যটকবাহী বোট। বোটটিতে নরসিংদীর নয়জন, ময়মনসিংহের নয়জন এবং গাজীপুরের একজন পর্যটক ছিলেন। তাদের মধ্যে রিয়াজসহ চারজনের একটি দল ছিল। বোটটির বিএলসি নম্বর ২৬২৭০৮০৬০০৪।
পর্যটকেরা সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা কার্যালয় থেকে তিন দিনের ভ্রমণ অনুমতি নিয়ে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনে রাজস্ব জমা দিয়েছিলেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম জানান, দুবলার চর এলাকায় নতুন জেগে ওঠা একটি চরে বোটটি আটকে যায়। পরে বোটটি সরানোর জন্য কয়েকজন পর্যটক পানিতে নেমে ধাক্কা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁরা বোটে ফিরে আসার সময় ঢেউয়ের ধাক্কায় চারজন ভেসে যান।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও রিয়াজ আহমেদের খোঁজ পাওয়া যায়নি। তাকে উদ্ধারে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে তৎপরতা চালাচ্ছে।