০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪০

জাপান যাওয়া হলো না নিঝুমের, সড়কেই ঝরল প্রাণ

নিহত ইউনুস রাশিদ নিঝুম   © সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতে জাপান যাওয়ার কথা ছিল ইউনুস রাশিদ নিঝুমের (২২)। সে জন্য জাপানি ভাষাও শিখছিলেন তিনি। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই তরুণ। এ ঘটনায় তাঁর বন্ধু ফারহান (১৯) আহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে সেতুর মদনগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, নিঝুম অনার্সে পড়াশোনা করতেন। আগামী ফেব্রুয়ারিতে তাঁর জাপান যাওয়ার পরিকল্পনা ছিল। এ জন্য তিনি জাপানি ভাষাও শিখছিলেন।

মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বর্মন বলেন, মদনগঞ্জগামী লেনে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিঝুমের মৃত্যু হয়। আহত হন তাঁর বন্ধু ফারহান।

এসআই মিলন বর্মন আরও বলেন, নিঝুমের মরদেহ উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত ফারহানকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।