গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, কাজে ফিরেছেন শ্রমিকরা
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে সপ্তাহখানেক ধরে চলা শ্রমিক আন্দোলনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। সকাল পর্যন্ত কোথাও কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গত কয়েক দিনের তুলনায় মহাসড়ক ও শিল্পকারখানাগুলোতে পরিস্থিতিরও উন্নতি হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে মহাসড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন শিল্প রিজার্ভ পুলিশ (এসআরবি) ও ৫ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানাগুলো খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
শিল্পাঞ্চলে শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে গত কয়েক দিনের অস্থির পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।