গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৮টা ৪০ মিনিটের দিকে রি-টেস্টিং সেন্টারে থাকা ৪১টি সিলিন্ডারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৮টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত সাড়ে ৯টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ভর্তি একটি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত এবং পরে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম জানান, দুর্ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি জানান, দগ্ধদের মধ্যে ১৮ বছর বয়সী আব্দুল্লাহর শরীরের ২০ শতাংশ, ১৯ বছর বয়সী আহাদের ৫৫ শতাংশ, ২৬ বছর বয়সী আশরাফুলের ১৫ শতাংশ এবং ২৫ বছর বয়সী নাঈমের ৪ শতাংশ পুড়ে গেছে।
তালহা বিন জসিম আরও জানান, আব্দুল্লাহ ও আহাদকে হাসপাতালের এমএইচডিইউতে রাখা হয়েছে। নাঈম জরুরি বিভাগে পর্যবেক্ষণে রয়েছেন। শরীরের ৫৫ শতাংশ পুড়ে যাওয়া আহাদ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। অন্যদেরও চিকিৎসা চলছে।