অপহরণের ১০ দিন পর কলেজছাত্র রিদোয়নকে উদ্ধার
১০ দিন নিখোঁজ থাকার পর মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের কলেজশিক্ষার্থী রিদয়ান আনসারী (২৫) পরিবারের কাছে ফিরেছেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতে অপহরণকারীরা তাকে মির্জাপুর এলাকায় ফেলে যায়। পরদিন সকালে এক ট্রাকচালকের সহায়তায় নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছে এক পাঠাওচালকের ফোন থেকে মায়ের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকার বাসায় নিয়ে যান।
রিদয়ান ঘিওর উপজেলার মৃত আব্দুল মান্নান আনসারীর ছোট ছেলে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটনে থাকেন। বিবিএ পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।
পরিবার ও রিদয়ানের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশে রওনা হন তিনি। আব্দুল্লাহপুর থেকে মগবাজারগামী প্রভাতী বনশ্রী বাসে ওঠার পর বাসটি উত্তরা আজমপুর এলাকায় পৌঁছালে মাস্ক পরা এক ব্যক্তি তার পাশে বসেন। এরপরই রিদয়ন সচেতনতা ও স্মৃতি হারিয়ে ফেলেন। রাত সাড়ে ৯টার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রিদয়নের বড় ভাই শাহরিয়ার আনসারী জানান, তাকে একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল। সারাক্ষণ হাত ও চোখ বেঁধে রাখা হতো এবং দিনে মাত্র একবার খাবার দেওয়া হতো। পরে আজ তাকে উদ্ধার করা হয়েছে।