গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে মো. আয়ান শেখ নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়ান ওই গ্রামের মো. আকাশ শেখের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকালে শিশুটির মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় আয়ান। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাকে উদ্ধার করেন। দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. রাহাত হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, শিশুদের নিরাপত্তার বিষয়ে পরিবারের সদস্যদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। কাশিয়ানী উপজেলায় পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় এ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। ইতোমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে।