গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় চার যানবাহনের সংঘর্ষে ভ্যানচালক নিহত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে চার যানবাহনের সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাটিয়াপাড়া মোড়ে উল্টোপথে মোড় ঘোরানোর সময় প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনে দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসে ধাক্কা লাগে। পরে দোলা পরিবহনের বাসটি গিয়ে ধাক্কা দেয় আরেকটি লোকাল বাসকে। এ সময় পাশে থাকা একটি ইঞ্জিনচালিত ভ্যানের চালক শহিদুল ইসলাম দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব ভ্যানচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।