০১ নভেম্বর ২০২৬, ১১:৩৮

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, ট্রাফিক বক্সে আগুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী ও কাশিমপুর শিল্পাঞ্চলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা  © টিডিসি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী ও কাশিমপুর শিল্পাঞ্চলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় কোনাবাড়ী এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে চান্দনা চৌরাস্তা বাইপাস থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে কোনাবাড়ী এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, শ্রমিকরা চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. আমজাদ হোসেন বলেন, সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

এদিকে মহাসড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। যানজট নিরসন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।