২৯ অক্টোবর ২০২৬, ২২:১৮

রাজশাহীতে নিজ বাড়ির ছাদে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা   © সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে আবুল কালাম আজাদ (৪৫) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত দুইটার দিকে ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আবুল কালাম আজাদ পবার নওহাটা বাজারে সবজির দোকান চালাতেন। তাঁর তিন সন্তানের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। একমাত্র ছেলে ঢাকায় নার্সিং বিষয়ে পড়াশোনা করছেন।

নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, বুধবার রাতে বাড়ির বাইরে তালা দিয়ে এশার নামাজ পড়তে যান তাঁর স্বামী। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্বামী ফিরে না আসায় রাত ১২টার দিকে ঘরে থাকা অতিরিক্ত চাবি দিয়ে অন্য একজনের সহায়তায় জানালা দিয়ে বাড়ির তালা খোলার ব্যবস্থা করেন তিনি। এরপর বাড়ির আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও স্বামীর সন্ধান পাননি।

সাবিনা ইয়াসমিন বলেন, তাঁদের বাড়ির ছাদে উঠতে হলে বাইরে দিয়ে যেতে হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজার পর ছাদে গিয়ে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। এ সময় ছাদে বিড়ালের লাফালাফির মতো শব্দ শুনেছিলেন বলেও জানান তিনি। তবে এর বেশি কিছু বুঝতে পারেননি।

পবা থানার ওসি আব্দুল মতিন জানান, আবুল কালাম আজাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকেলে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ওসি আরও জানান, ঘটনার সময় বাড়িতে শুধু নিহতের স্ত্রী ছিলেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, কী কারণে এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে।