২৯ অক্টোবর ২০২৬, ১৮:৩৬

ছাত্র আহত হওয়ার পর মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজ চান তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা

তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ   © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল্লাহ আল জাবির নামে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর ঝুঁকিপূর্ণ সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন মাদরাসার শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার পাশে সিএনজি পাম্পসংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত আব্দুল্লাহ আল জাবির মাদরাসার আলিম প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদরাসা ছুটির পর সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস জাবিরকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনার পরপরই ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদরাসার সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও এখনো এর বাস্তবায়নে কার্যকর অগ্রগতি নেই। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের ব্যস্ত মহাসড়ক পারাপার হতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

মাদরাসার ছাত্র সংসদের ভিপি মঈনুল ইসলাম বলেন, ফুটওভার ব্রিজ নির্মাণের দাপ্তরিক কার্যক্রম কিছুটা এগোলেও বাস্তবায়নে নানা ধরনের দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে। প্রশাসনের দীর্ঘসূত্রিতা ও উদাসীনতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এই স্থানে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান তিনি।

টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। বিকেল সোয়া ৫টা পর্যন্ত অবরোধ ছিল।  

শিক্ষার্থীরা জানান, এর আগে একই স্থানে সড়ক দুর্ঘটনায় মাদরাসার আরেক শিক্ষার্থী ইয়াসিন আলী নিহত হন। ওই ঘটনার পর ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেওয়া হলেও প্রায় তিন মাসেও তা বাস্তবায়ন হয়নি। দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ করে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানান তাঁরা।