২৯ অক্টোবর ২০২৬, ১৪:৫১

নেত্রকোনায় ইজিবাইকের চাপায় প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি  © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দুটি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একটি ইজিবাইকের নিচে চাপা পড়ে সাউদা মনি (৭) নামের এক শিশুর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও নামাপাড়া মাদ্রাসা-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাউদা মনি ওই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল শিশু সাউদা মনি। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় একটি ইজিবাইক শিশুটির ওপর পড়ে গেলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।