মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করে দীর্ঘদিন কর্মস্থলে যোগদান না করা পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন তিনি। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহের খোঁজ নেন মন্ত্রী। পরে পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) তাৎক্ষণিক নির্দেশ দেন তিনি।
হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। সরকারি হাসপাতালে এসে কোনো রোগী যেন চিকিৎসাবঞ্চিত না হন এবং কোনোভাবেই দালাল চক্রের হয়রানির শিকার না হন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি ও হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখাকে তিনি বাধ্যতামূলক বলে উল্লেখ করেন।
মন্ত্রী হাসপাতালের কিছু ছোটখাটো ত্রুটিবিচ্যুতি দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশনা দেন এবং সেবার মান আরও বাড়ানোর ওপর জোর দেন।
স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের খবরে স্থানীয় স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের মধ্যে বাড়তি তৎপরতা ও সতর্কতা লক্ষ্য করা গেছে।