সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও রোড শোর আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সড়ক দুর্ঘটনা রোধ, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বুধবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসেম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নুরুল হুদা, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের সাতক্ষীরার প্রকৌশলী মো. নজরুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহিন, বিআরটিএ সাতক্ষীরার মোটরযান পরিদর্শক ওমর ফারুক এবং সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার, সড়ক নিরাপত্তা কমিটির সদস্য ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব তৈয়েব হাসান শামসুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর কাজী রাজী উজ্জামান, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মামুনার রশীদ এবং নারকেলতলা শ্রমিক ইউনিয়নের অফিস সহকারী আশরাফ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের কর্মকর্তা, বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং বাস ও ট্রাকচালকেরা উপস্থিত ছিলেন।