২৭ অক্টোবর ২০২৬, ১৯:১৩

গোপালগঞ্জে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা

মুকসুদপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম মাহাতাব উদ্দিন  © সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম মাহাতাব উদ্দিনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সাবেক সহকারী শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর ভুক্তভোগী নারী আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে ২০ অক্টোবর গোপালগঞ্জ সদর থানা পুলিশ মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করে। মামলার বাদী মুকসুদপুর উপজেলার ঝুটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা। তিনি প্রায় পাঁচ মাস আগে চাকরি ছেড়ে দেন।

এজাহারে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই নারীর সঙ্গে মাহাতাব উদ্দিনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের শর্তে শারীরিক সম্পর্কের বিষয়ে সম্মতি দেন ওই নারী বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে ওই নারীকে নিজের বাড়িতে ডেকে নেন মাহাতাব উদ্দিন। সেখানে কাউকে দেখতে না পেয়ে পরে বিয়ের আশ্বাসে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ করেন ওই নারী। পরদিন তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে ওই নারীর বাবার বাড়িতে গিয়েও একাধিকবার শারীরিক সম্পর্ক করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এজাহারে আরও বলা হয়, গত ২ অক্টোবর ওই নারী বিয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইলে মাহাতাব উদ্দিন তাদের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতির কথা অস্বীকার করেন। পরে ওই নারী আদালতের শরণাপন্ন হন।

অভিযুক্ত এস এম মাহাতাব উদ্দিন গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ডুবশি গ্রামের এস এম আকবার হোসেনের ছেলে।

অভিযোগের বিষয়ে মাহাতাব উদ্দিনের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে এক ব্যক্তি জানান, তিনি মাহাতাব নন এবং মাহাতাব ফোন রেখে বাইরে গেছেন। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।