১০ দিন পর টুপটুপ রিসোর্টে মিলল ছাত্রদল নেতার স্ত্রী শিক্ষিকা মুক্তার মরদেহ
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার মরদেহ পাওয়া গেছে। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।
এর আগে, গত ১৭ অক্টোবর পাটুয়ারটেকের টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত করে।
তবে নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার পরিচয় শনাক্ত হওয়ার অপেক্ষায় ছিলেন তার স্বজনেরা। দীর্ঘ ১০ দিন পর মুক্তার মরদেহ পাওয়ার খবরে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, মুক্তা ঢাকার উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক ছিলেন। দুই বান্ধবীর সঙ্গে বেড়াতে কক্সবাজারে এসেছিলেন তিনি। তার স্বামী দেওয়ান ফয়সাল ঢাকা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা। তার বাবার নাম মোস্তফা কামাল।