চকরিয়ায় মহানগর এক্সপ্রেসের স্টপেজ দাবিতে মানববন্ধন
ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস ট্রেনের চলাচল শুরু হলেও চকরিয়া রেলস্টেশনে যাত্রাবিরতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। চকরিয়ায় ট্রেনটির যাত্রাবিরতি নিশ্চিত করা এবং আশপাশের আট উপজেলার যাত্রীদের জন্য আসন বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের জনসাধারণ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চকরিয়া রেলস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চকরিয়াসহ আশপাশের উপজেলার মানুষের রেলযাত্রার সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, চকরিয়া ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও নানা প্রয়োজনে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। চকরিয়া রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় এসব মানুষ রেলসেবার পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই চকরিয়ায় ট্রেনের স্টপেজ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় যাত্রীদের জন্য আসন বরাদ্দ রাখা জরুরি।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মাতামুহুরী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউসুফ বদরী বলেন, চকরিয়ায় মহানগর এক্সপ্রেসের স্টপেজ না থাকায় চকরিয়াসহ আশপাশের আট উপজেলার লক্ষাধিক মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জনস্বার্থে চকরিয়ায় অবিলম্বে ট্রেনটির যাত্রাবিরতির ব্যবস্থা করতে হবে।
তিনি এ বিষয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায়, চকরিয়ায় ট্রেনের স্টপেজ নিশ্চিত করার দাবিতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
এদিকে মানববন্ধনের খবর পেয়ে সকালে রেলওয়ে পুলিশের কক্সবাজার জিআরপি ক্যাম্পের ইনচার্জ মোস্তাফিজুর রহমান একটি দল নিয়ে চকরিয়া রেলওয়ে স্টেশনে উপস্থিত হন।
তিনি বলেন, শান্তিপূর্ণ মানববন্ধনের প্রতি আমাদের সমর্থন রয়েছে। তবে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করে রেলওয়ের সম্পদ বিনষ্ট করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
মানববন্ধনে আয়োজকরা বলেন, চকরিয়া রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা হলে চকরিয়াসহ আশপাশের আট উপজেলার মানুষের যাতায়াত আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় হবে। তাই জনস্বার্থে দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।