২৬ অক্টোবর ২০২৬, ১৪:০৬

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস   © টিডিসি ফটো

ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার সাত মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে একে একে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরিস্থিতি বিবেচনায় আগুন নেভাতে পরে আরও তিনটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কারখানার ভেতরে প্লাস্টিকসামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালাচ্ছেন।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কারও হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।