২৫ অক্টোবর ২০২৬, ২০:০৪

ছাগল খুঁজতে গিয়ে বাঘের আক্রমণে আহত ৩

বাঘের আক্রমণে আহত ৩  © সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী আমঝোল এলাকায় ছাগল খুঁজতে গিয়ে বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভারত থেকে একটি বাঘ বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে তাদের ওপর হামলা চালায়। আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) ও নজরুল ইসলাম। তবে নজরুল ইসলামের বাবার নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে শরিফা বেগম ধানখেতে ছাগল খুঁজতে যান। সেখানে তিনি ছাগলটিকে ঘাস খেতে দেখেন। পরে ছাগলটির কাছে গেলে বাঘের আক্রমণের শিকার হন তিনি। এ ঘটনায় পরে আরও দুজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যান।

হাতীবান্ধা হাসপাতালের উপ-মেডিকেল কমিউনিটি অফিসার মামুন রহমান জানান, বাঘের আক্রমণে আহত তিনজন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিলেন। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বিরুল হক মনা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার বিকেল ৪টার দিকে হাতীবান্ধা উপজেলার বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তর থেকে একটি বাঘ বাংলাদেশে প্রবেশ করে। বাঘটির আক্রমণে তিনজন আহত হন।

খবর পেয়ে জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনাস্থলে ১৫ বিজিবির অধিনায়কসহ বিজিবির একটি টহল দল অবস্থান করছে।

তবে বাঘটি বর্তমানে কোথায় রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকার স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।