২৪ অক্টোবর ২০২৬, ১৭:৪৪

আ.লীগের সাবেক এমপি শফিকুর রহমান আর নেই

আওয়ামী লীগের সাবেক এমপি মুহম্মদ শফিকুর রহমান  © সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জের সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন। শনিবার (২৪ অক্টোবর) বেলা আড়াইটার দিকে ঢাকায় নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল, তা জানা যায়নি।

জানা গেছে, নিজ বাসার বাথরুমে পড়ে যান শফিকুর রহমান। পরে তাকে উদ্ধার করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে সাংবাদিকতা ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের পৈতৃক বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামের মিয়াজী বাড়িতে। তার বাবা মৌলভী আবদুল হামিদ এবং মা আয়েশা খাতুন।

শিক্ষাজীবনে শফিকুর রহমান ১৯৬৫ সালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে হাদিস বিষয়ে কামিল ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭১ সালে বাংলায় স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি লাভ করেন।

সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও যুক্ত ছিলেন মুহম্মদ শফিকুর রহমান। ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেন এই সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য।