২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৬

৫ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল 

আটকৃত আমজাদ হোসেন  © টিডিসি ফটো

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ৫ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমজাদ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ১২৫ সিসির ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বাইশারী ইউনিয়নের শাহ নুরুদ্দিন দাখিল মাদ্রাসার পশ্চিম পাশে সেতুর গোড়ায় বটগাছের সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মনজুর আহসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কয়েকটি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি ইয়াবা নিয়ে গর্জনিয়া থেকে বাইশারী বাজার হয়ে ঈদগাঁও বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে তিনি সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে চেকপোস্ট স্থাপন করেন।

আরও দেখুন: প্রতিষ্ঠার ১৮ বছরেও পাবিপ্রবিতে নেই অ্যালামনাই

পুলিশ জানায়, চেকপোস্টে একটি মোটরসাইকেল পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকের পেছনে বসা এক ব্যক্তিসহ পেছনের দুটি মোটরসাইকেলে থাকা আরও চারজন পালিয়ে যান। এ সময় সামনে থাকা মোটরসাইকেলটি পালানোর চেষ্টা করলে পুলিশ আমজাদ হোসেনকে আটক করে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির শরীর ও মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় তার দেখানো মতে মোটরসাইকেলটির ডান পাশের এয়ার ফিল্টার বক্স থেকে তিনটি সাদা প্যাকেটে মোড়ানো ৩০টি নীল জিপার পলিব্যাগে রাখা ৫ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আরও দেখুন: দিনভর ব্যস্ততা, বিকেল হলেই পাখির কলকাকলিতে মুখর অফিসপাড়া

পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেল জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক অন্যদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।