২৪ অক্টোবর ২০২৬, ১১:২৭

দূষিত পুকুর পরিষ্কারে উপজেলা প্রশাসনের উদ্যোগ 

দূষিত পুকুর পরিষ্কার কর্মসূচি  © টিডিসি সম্পাদিত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার লক্ষ্যে বরিশাল সদর উপজেলা পরিষদ ভবনের পাশের দীর্ঘদিনের পরিত্যক্ত ও দূষিত পুকুর পরিষ্কারের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ কাজে সহযোগিতা করছে সামাজিক সংগঠন বিডি ক্লিন বরিশাল এর স্বেচ্ছাসেবীরা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে পুকুরটি পরিষ্কারের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী ও স্থানীয় লোকজন অংশ নেন।

পরিচ্ছন্নতার শপথে শুরু কর্মসূচি
কর্মসূচির শুরুতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার শপথবাক্য পাঠ করান বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা। পরে জেলা প্রশাসক মামুন খন্দকার প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবীদের সঙ্গে পুকুরের ময়লা-আবর্জনা অপসারণে অংশ নেন।

জলাশয় রক্ষায় নাগরিক দায়িত্বের ওপর গুরুত্ব
জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। শুধু ঘরবাড়ি নয়, প্রকৃতি ও প্রাকৃতিক জলাশয় সংরক্ষণেও সবাইকে সচেতন হতে হবে।

তিনি বলেন, সরকারি উদ্যোগের সঙ্গে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ যুক্ত হলে সুস্থ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য পরিচ্ছন্নতাকে দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করার আহ্বান জানান তিনি।

আরও দেখুন: প্রতিষ্ঠার ১৮ বছরেও পাবিপ্রবিতে নেই অ্যালামনাই

পুকুরটি ব্যবহারের উপযোগী করার উদ্যোগ
ইউএনও ফরিদা সুলতানা বলেন, ‘উপজেলা পরিষদের নতুন ভবনের পাশে থাকা পুকুরটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত ও দূষিত অবস্থায় পড়ে ছিল। বিডি ক্লিনের সহযোগিতায় পুকুরটি পরিষ্কার করে পুনরায় ব্যবহারোপযোগী ও পরিবেশবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন সদর উপজেলা গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের নিয়মিত অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন।

অভিযানে প্রশাসনের কর্মকর্তা ও তরুণ স্বেচ্ছাসেবীরা
পুকুর পরিষ্কারের এ কর্মসূচিতে আরও অংশ নেন বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নাওশীন, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিডি ক্লিন বরিশালের বিপুলসংখ্যক তরুণ স্বেচ্ছাসেবী।

আরও দেখুন: দিনভর ব্যস্ততা, বিকেল হলেই পাখির কলকাকলিতে মুখর অফিসপাড়া

পুকুরটি পরিষ্কারের এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পরিবেশের উন্নয়ন এবং জলাশয় সংরক্ষণে জনসচেতনতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।