‘ভয় আমার অভিধানে নেই, মনে রেখো আমি বাংলাদেশ’—থাপ্পড় দিয়ে ভাইরাল সেই রুমির বার্তা
‘ভয় আমার অভিধানে নেই! আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না।। মনে রেখো, আমি বাংলাদেশ।’—গাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে থাপ্পড় দিয়ে আলোচনায় আসা শাহজালাল রুমি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বার্তা দিয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ কথা লেখেন।
টঙ্গীর আউচপড়া এলাকার করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিনের বিরুদ্ধে ওই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এর আগে অভিযুক্ত শিক্ষককে থাপ্পড় দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়।
শিশুটির পরিবারের সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে শিশুটি ভয়ে মাদ্রাসায় যেতে চাইছিল না। পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু বলতে সাহস পায়নি। অভিযুক্ত শিক্ষক ঘটনা প্রকাশ করলে তাকে মারধরের হুমকি দিয়েছিলেন বলে শিশুটি পরিবারকে জানায়। পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে সে পুরো ঘটনা খুলে বলে।
বিষয়টি জানার পর গত বুধবার (২১ অক্টোবর) দুপুরে শিশুটির পরিবারের সদস্যরা মাদ্রাসায় গিয়ে ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে অশালীনভাবে স্পর্শ করার কথা স্বীকার করেন বলে জানা গেছে।
এ সময় ক্ষুব্ধ হয়ে শাহজালাল রুমি ওই শিক্ষককে থাপ্পড় মারেন। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মাদ্রাসায় জড়ো হন। একপর্যায়ে তারা অভিযুক্ত শিক্ষককে মারধর করেন।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে মুসলেউদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।